May 14, 2026 9:31 PM

printer

সরকার জানিয়েছে যে, দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে যে, দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লীতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।  কোনো ডিস্ট্রিবিউটরশিপে গ্যাসের মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। শোধনাগারগুলো তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলেও তিনি জানান। তিনি আরও জানান যে, গত তিন দিনে প্রায় এক কোটি ৪০ লক্ষ এলপিজি বুকিং পাওয়া গেছে, যার মধ্যে প্রায় এক কোটি ৩৯ লক্ষ বুকিংয়ের ক্ষেত্রে পরিষেবা দেওয়া হয়েছে।

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মাঙ্গাল জানিয়েছেন যে, ৯০ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ ২০ জনেরও বেশি কর্মী সহ গত রাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই মাসের ১৬ তারিখে সেগুলো পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শ্রী মাঙ্গাল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ এমএসভি হাজি আলী, গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৪ জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করেছে ওমানের উপকূল রক্ষী বাহিনী।