সরকারী অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশু নিধনের উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে নিধনের অনুমতি মিলবে।
শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্হানে বা রাস্তার ধারে পশুবলি দেওয়া যাবে না। পুরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে।
সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলিপ্রাঙ্গণ পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না।
আইন লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।