মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে ২৪ জন পুলিশ কর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, যা অত্যন্ত গুরুতর। পাশাপাশি তিন জন আক্রান্ত সাক্ষী তাকে পরবর্তীতে চিহ্নিত করেছে। ফলে তার জামিন মঞ্জুর করা সম্ভব নয়।
তবে আদালত জানিয়েছে, আবেদনকারী যেহেতু একজন পিএইচডি গবেষক, তাই কারা কর্তৃপক্ষকে সংশোধনাগারের ভেতর থেকেই তাকে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের শিলদা ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (EFR) ক্যাম্পে মাওবাদী হামলায় ২৪ জন ইএফআর সদস্য নিহত হন । হামলাকারীরা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুঠ করে নিয়ে যায়। এই মামলায় অর্ণব দাম এবং আরও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অর্নব দণ্ডাদেশ স্থগিত এবং জামিনের আবেদন জানিয়েছিল কলকাতা হাইকোর্টে ।