সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের অডিট শাখার তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘এ’ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে তা বেড়ে হয়েছে ৪৪ বছর। আর গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৪৫ বছর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব পদে ইতিমধ্যেই ৪১ বছরের বেশি বয়সসীমা কার্যকর রয়েছে, সেখানে আগের নিয়মই বহাল থাকবে। পাশাপাশি, রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি ও স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের বাইরে হওয়া নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর হলো। ১১ই মে, ২০২৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর ধরা হবে ।
এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৩ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার বিশ্বনাথ চৌধুরীকে। বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। অবিলম্বে তাঁকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।