বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আর জি কর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।
এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আর একটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকেরা।
এরপরে বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা।