ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী পি. ভি. সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।
বিশ্ব র্যানঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা সিন্ধু মাত্র ২৮ মিনিটের লড়াইয়ে ডেনমার্কের আমালি শুলজকে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে পরাজিত করেন। এর আগে, প্রথম রাউন্ডে সিন্ধু চাইনিজ তাইপের তুং সিউ-তুংকে ২১-৯, ২১-১২ ব্যবধানে বেশ সহজেই হারিয়েছিলেন।
কোয়ার্টার ফাইনালে সিন্ধু এবার জাপানের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন।
অন্যদিকে, পুরুষ ডাবলসে ভারতের শীর্ষ বাছাই সাত্বিক ও চিরাগ মালয়েশিয়ার ব্রায়ান জেরেমি গুন্টিং এবং মুহাম্মদ হাইকালকে ২১-১২, ২১-১৯ ব্যবধানে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন।