May 18, 2026 9:01 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন।  শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারাল্ড ও রানি সনজার সঙ্গেও সাক্ষাত্ করবেন তিনি। ভারত-নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মলেনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আগামীকাল তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্যে ও পরিবেশবান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকুল প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন।

উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে “ইউরোপীয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি” – তে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর ৩১ তম আন্তর্জাতিক সম্মান।

সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে তিনি বৈঠক করবেন।