পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘অল ইন্ডিয়া সার্ভিস’, ‘রাজ্য সিভিল সার্ভিস’, ‘পুলিশ সার্ভিস’-সহ অন্য সরকারি কর্মীরা, সরকারের অনুমতি ছাড়া কোনও মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদমাধ্যমে কোনও সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও সংবাদপত্র বা সাময়িকীতে লেখা, টিভি বা রেডিয়ো আলোচনায় অংশগ্রহণ, সরকার বা সরকারি নীতি বিষয়ে সমালোচনামূলক মন্তব্যের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্র, অন্য রাজ্য বা অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এই নির্দেশিকা ইতমধ্যেই সব দফতর, জেলা ও পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।