মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র পরীক্ষা আবার নেওয়া হবে ২১ শে জুন। প্রশ্নপত্র ফাঁসের জন্য চলতি মাসের তিন তারিখে যে নিট ইউজি পরীক্ষা নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়। ন্যাশানাল টেস্টিং এজেন্সি এনটিএ, গতকাল পুনরায় পরীক্ষা গ্রহণের এই দিন ঘোষণা করে। সামাজিক মাধ্যমে এনটিএ-র তরফে এক বার্তায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রকৃত তথ্যের জন্য এনটিএ-র সরকারি কমিউনিকেশন চ্যানেলের ওপর ভরসা করার আবেদন জানানো হয়েছে।
এনটিএ সূত্রে আরও জানা গেছে, দুপুর দুটো থেকে বিকেল ৫ টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে প্রথম বা দ্বিতীয় প্রেফারেন্স বেছে নিতে পারবেন।
উল্লেখ্য, প্রশ্নফাঁসের এই মামলা বর্তমানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই-এর বিবেচনাধীন।
এদিকে, আসন্ন পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সুষ্ঠুভাবে নিট পরীক্ষা গ্রহণের ব্যাপারে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। উচ্চ স্কুল শিক্ষা দপ্তরের সচিব সহ পদস্থ আধিকারিকরা, এনটিএ-র মহানির্দেশক, সিবিএসই-র চেয়ারপার্সন, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও নবদয় বিদ্যাবয় সমিতির কমিশনাররা ঐ বৈঠকে উপস্থিত ছিলেন।