May 16, 2026 9:11 AM

printer

পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন

পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান, ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেন্ডসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও রাজা উইলিয়াম অ্যালেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাত্ করবেন তিনি।  এছাড়াও প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানীগুলির সিইও-দের সামনেও ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে বেশ কয়েটকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।

উল্লেখ্য বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশবান্ধব হাইড্রজেন, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে।   তাঁর এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিস প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিওনও উপস্থিত থাকবেন।