নিট ইউজি-২০২৬ বা মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG, সন্দেহভাজন ১৫ জনকে আটক করেছে। কেন্দ্রীয় সরকার তদন্তভার CBI-কে দেওয়ার পর তারা একটি FIR দায়ের করে। CBI -এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত তেসরা মে-র মেডিকেলে ভর্তির নিট-ইউজি পরীক্ষা, আগেই বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল।
এদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি- NTA এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ, পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হলেও, এর জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত কোন ফি দিতে হবে না। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না।
এই পরীক্ষা বাতিলের ঘটনায় ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম, উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেন, এভাবে প্রশ্নপত্র ফাঁসের ফলে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যত চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়লো।