April 18, 2026 1:27 PM

printer

ভোটের আগে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াল নির্বাচন কমিশন।

ভোটের আগে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখতে একাধিক নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

বিধানসভা নির্বাচনে  মাইক্রো অবজার্ভারদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সদস্যদের সঙ্গেও এই ক্যামেরা রাখা হবে, যাতে প্রতিটি মুহূর্তের গতিবিধি রেকর্ড করা যায়। কোনও অভিযোগ বা বিতর্ক তৈরি হলে সেই ফুটেজ খতিয়ে দেখা যাবে বলে জানিয়েছে কমিশন।

এছাড়া, সংশ্লিষ্ট বিধানসভা এলাকার সমস্ত সরকারি সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিচ্ছে কমিশন। কোথাও কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের ভোটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বুথের চারপাশে তৈরি করা হচ্ছে ‘লক্ষ্মণগণ্ডি’। সাদা চক দিয়ে বুথকে ঘিরে ১০০ মিটার এলাকা চিহ্নিত করা হবে। এই নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে।

এই ব্যবস্থায় বহুস্তরীয় যাচাইয়েরও পরিকল্পনা রয়েছে। লক্ষ্মণগণ্ডির বাইরে থাকবেন বিএলও ও এক জন সরকারি আধিকারিক, যাঁরা প্রথমে নথি যাচাই করবেন। এরপর নির্দিষ্ট সীমানার ভিতরে আরও দু’টি ধাপে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করা হবে।