ভোটগণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রীম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টেও মামলাটি খারিজ হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে গতরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেস জরুরী ভিত্তিতে শুনানির আবেদন জানায়। আজ শীর্ষ আদালতের ছুটি থাকলেও এই মামলার জন্যই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল।
শুনানিতে দুই বিচারপতি পি এস নরসিনহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসাবে কাদের নিযুক্ত করা হবে, তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজার্ভার থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য যেকোনো সরকারের কর্মীই থাকতে পারেন। সুতরাং গণনা কর্মী নিয়োগ নিয়ে আপাতত কোনো অতিরিক্ত নির্দেশের প্রয়োজন নেই। কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেও অস্বীকার করেছে সর্বোচ্চ আদালত।