May 2, 2026 10:47 AM

printer

দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে, মগরাহাট পশ্চিমের ১১ টি, এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে ফের ভোট নেওয়া হচ্ছে। সকাল ৭টা থেকে ভোটদান শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

  উল্লেখ্য, নির্বাচন কমিশন গতসন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে ফের ভোট গ্রহণের নির্দেশ দেয়। গত ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময়ে এইসব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। সেখান থেকে ফের ভোট নেওয়ার সুপারিশ নতুন দিল্লীতে ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হয়। তা খতিয়ে দেখার পরই কমিশন আপাতত এই ১৫ টি বুথে পুনরায় ভোট নেওয়ার কথা জানায়। ঐ বুথগুলিতে ২৯ শে এপ্রিলের ভোট, বাতিল ঘোষণা করা হয়েছে।