ভোটগণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার এই মামলা খারিজ করে দেয়। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন, কাউন্টিং সুপারভাইজার হিসেবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারেনা। কোনোরকম পক্ষপাতিত্ব হলে, ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ইলেকশান পিটিশন দায়ের করা যেতে পারে বলে হাইকোর্ট জানায়। এরপরই শীর্ষ আদালতের আবেদন জানায় তৃণমূল কংগ্রেস।
জরুরী ভিত্তিতে শুনানির অনুরোধ জানানো হলে, তা’ মঞ্জুর হয়।
আজ সুপ্রিম কোর্টে ছুটির দিন হলেও, মামলার শুনানির জন্য দুই বিচারপতি পি এস নরসিংহা ও জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টা নাগাদ মামলাটির শুনানি শুরু হতে পারে।