ব্রিটেন-নিবাসী বঙ্গতনয়া সঞ্চিতা বসু দে সরকার ‘চিলড্রেন্স বুকার’ পুরস্কার কমিটিতে প্রথম বাঙালি বিচারক হিসেবে মনোনীত হয়েছেন। লন্ডনের মাসওয়েল হিল এলাকার জনপ্রিয় বইয়ের দোকান ‘চিলড্রেন্স বুক শপ’-এর মালকিন সঞ্চিতা দীর্ঘদিন ধরেই কিশোর-কিশোরীদের বই পড়ায় উৎসাহ দিয়ে চলেছেন। এ-জন্য তিনি ২০২৪ সালে রয়্যাল সোসাইটি অফ লিটারেচার-এর ‘অনারারি ফেলো’ নির্বাচিত হন। কমবয়সীদের বই পড়ায় উৎসাহদানে নানা উদ্যোগ গ্রহণের জন্য তাঁর দোকানটিকেও সম্মানিত করা হয়েছে একাধিক পুরস্কারে।
উল্লেখ্য, ২০২৭ সাল থেকে শিশুসাহিত্যে বুকার পুরস্কার প্রদান করা হবে। ৮ থেকে ১২ বছর বয়সীদের জন্য লেখা সমসাময়িক সেরা উপন্যাস এ-জন্য নির্দিষ্ট প্রক্রিয়ায় বেছে নেওয়া হবে।