কেন্দ্রীয় সরকারী কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপার ভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে – এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও গতকাল তার রায়ে স্পষ্ট জানিয়েছেন, গণনা কেন্দ্রে কাজের সুপার ভাইজার হিসেবে নিযুক্ত করা হবে সেবিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারেনা। কেন্দ্রীয় সরকারী দফতর অথবা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্হার কর্মীদের কাউন্টিং সুপার ভাইজার হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে আদালত বে-আইনি কোন কিছু দেখছে না বলেও বিচারপতি জানিয়েছেন।
তবে, তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হলে সেক্ষেত্রে সুপার ভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীর ভূমিকা আছে এমন প্রমাণ পাওয়া গেলে জন প্রতিনিধিত্ব আইনের ১-শো নম্বর ধারা অনুযায়ী পরাজিত প্রার্থীর ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন বলেও বিচারপতি তার নির্দেশ জানিয়েছেন।
এদিকে, ভোটযন্ত্রে কারচুপির উদ্দেশ্যেই ভোট গ্রহণের চারদিন বাদে গণনার ব্যবস্হা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন। স্ট্রংরুম নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি গতরাতে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যান। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে রাজ্যজুড়ে সব স্ট্রংরুমের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।