May 13, 2026 1:09 PM

printer

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে

রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য- নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতীম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও, উত্তরবঙ্গের নয় জেলা ও মুর্শিদাবাদের মোট ৭৬ জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিচ্ছেন।

দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা।

শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতীম তাপস রায়। তারপর তিনি বি আর আম্বদেকরের মূর্তিতে মাল্যদান করেন। তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন।

আগামীকাল’ও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন।

শুক্রবার ১৫’ই মে, বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতীম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। লোকভবনে গতকাল মাণিকতলার এই বিধায়ককে প্রোটেম স্পিকার বা অধ্যক্ষ প্রতীম পদে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। 

উল্লেখ্য, রাজ্য বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে ২১শে মে। ২৯৩ টির মধ্যে ২০৭ টি আসনে বিজেপি, ৮০’টিতে তৃণমূল কংগ্রেস, CPIM-একটি, ISF-একটি, আমজনতা উন্নয়ন পার্টি- দুটি এবং কংগ্রেস দুটি আসনে জয় লাভ করেছে।