দেশ জুড়ে আজ চিরচরিত উৎসাহ উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এই তিথিতেই বুদ্ধগয়ায় মহাবোধী বৃক্ষের নীচে তিনি আলোকপ্রাপ্ত হন। আবার কুশীনগরে আজকের দিনেই তাঁর মহা পরিনির্বাণ হয়। বুদ্ধ পূর্ণিমা পৃথিবী জুড়ে উদযাপিত হয়। ভারত ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষরা এই তিথিতে উৎসব পালন করে থাকেন।
বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের মর্ত্যে আগমন, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ভগবান বুদ্ধের আদর্শ বাস্তবায়নের সরকারের অঙ্গীকারবদ্ধ। তাঁর চিন্তাধারা সমাজে একতার চেতনাকে আরও সুদৃঢ় করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভগবান বুদ্ধের জীবনশৈলী আমাদের সত্য, অহিংসা এবং করুণার পথে চলার পাশাপাশি মানবজাতির কল্যাণের জন্য উদ্যোগী হতে অনুপ্রাণিত করে। তাঁর অমূল্য প্রজ্ঞা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে আলোকিত করবে।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, গৌতম বুদ্ধের সমগ্র জীবনযাপন ত্যাগ, প্রজ্ঞা, করুণার এক অসাধারণ অভিযান। তাঁর এই জীবনযাত্রা মানবজীবনের গভীর প্রশ্নের বাস্তবসম্মত সমাধান প্রদান করে। গৌতম বুদ্ধের জীবন দর্শন দেশবাসীকে অজ্ঞতা দূর করে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করে।