সরকার ২০২৫ সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে; সারা দেশ থেকে মোট ৪২টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের ৩ তারিখে নতুনদিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে, যেখানকার ছয়টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে; এরপরই পাঁচটি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা।
এই পুরস্কারগুলি দুটি শ্রেণিতে প্রদান করা হচ্ছে—’দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার’ এবং ‘নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার’। দীনদয়াল উপাধ্যায় পুরস্কারের মাধ্যমে সেইসব অসামান্য গ্রাম পঞ্চায়েতকে স্বীকৃতি জানানো হয়, যারা সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পারদর্শিতা প্রদর্শন করেছে।