প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব-২০২৬-এ অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষ্যে একটি রোডশোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভিও উপস্থিত থাকবেন।
এই উপলক্ষে, ভারতীয় বিমান বাহিনীর ‘সূর্যকিরণ’ অ্যারোব্যাটিক দল একটি বিশেষ বায়ু প্রদর্শনী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষ্যে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। এরপর প্রধানমন্ত্রী ভদোদারায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধন করবেন। ছাত্রাবাসটি পরিদর্শনও করবেন তিনি।