May 20, 2026 8:49 AM

printer

রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে।

রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা ৬৬টি শ্রেণিকে ৭ শতাংশ সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২২ মে ২০২৪ সালের রায়ের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের আগে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত ৬৬টি শ্রেণিকে সংবিধানের ১৬(৪) অনুচ্ছেদের অধীনে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়নি। তবে ওবিসি ক্যাটেগরি ‘এ’-এর জন্য ১০ শতাংশ এবং ওবিসি ক্যাটেগরি ‘বি’-এর জন্য ৭ শতাংশ সংরক্ষণের যে ব্যবস্থা চালু ছিল, তা আদালত বাতিল করে দেয়। এরপরই নতুন করে সংরক্ষণের হার নির্ধারণ করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে এই ৬৬টি শ্রেণির জন্য মোট ৭ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে। তালিকায় কাপালি, বৈশ্য কাপালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগী-নাথ, গোয়ালা-গোপ, ময়রা, বরুইজীবী, মালাকার, জোলা (আনসারি-মোমিন), তাঁতি, ধানুক, কেওরি, রাজু, করণি, কাহার, বেটকার, নিউয়ার, থামি, যোগি, ধিমল, গঙ্গোত, তুরহা, নস্যা শেখ-সহ একাধিক সম্প্রদায়ের নাম রয়েছে।

সরকারি সূত্রের খবর, আদালতের নির্দেশ অনুসারে আপাতত ২০১০ সালের আগে তালিকাভুক্ত ৬৬টি শ্রেণিকেই সংরক্ষণের আওতায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে সমীক্ষা ও অনুসন্ধানের ভিত্তিতে ওবিসি তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে।