May 20, 2026 8:46 AM

printer

রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী পয়লা জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

       বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনও স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনও দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন।

     সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে।

     বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে ‘অন্নপূর্ণা যোজনা’-য় স্থানান্তর করা হবে। তবে এসআইআর-২০২৬-এ মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাঁদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন এবং যাঁদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তাঁরা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

      নতুন আবেদনকারীদের জন্য আগামী ১৫ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’ চালু হবে। সেখানে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে মহকুমাশাসকরা আবেদন যাচাই করে অনুমোদনের জন্য জেলাশাসকের কাছে পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে কলকাতা পুরসভা।

      বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলাগুলিতে সংশ্লিষ্ট জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার এই প্রকল্পের অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। অর্থ দফতরের সম্মতিতেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।