রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয়, তথা শেষ দফায় আগামীকাল ভোটগ্রহণ। এজন্য জোরকদমে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। দ্বিতীয় দফার প্রচারাভিযান গত সন্ধ্যায় শেষ হওয়ার পর শুরু হয় সাইলেন্স পিরিয়ড। আদপে সাতটি জেলা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট আটটি নির্বাচনী জেলায় আগামীকাল সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হবে। ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন ভোটার এই দফায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজারের কিছু বেশি।
রাজ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ নিয়ে তত্পর নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কমিশনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, দ্বিতীয় দফার ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাপিলেট ট্রাইব্যুনালের তালিকায় আরও ১৪৬৮ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, বাদ পড়েছে ৬ জনের নাম। দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন ১ হাজার ৪৪৮ জন প্রার্থী। মহিলা প্রার্থীর সংখ্যা ২২০ জন। আয়তনের নিরিখে সব থেকে বড় বিধানসভা কেন্দ্র কল্যাণী এবং সবচেয়ে ছোটো জোড়াসাঁকো।