ভোটদান প্রক্রিয়ায় কোনোরকম অনিয়ম প্রমানিত হলে সেখানে পুনর্নির্বাচন হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন। আলিপুরে নিজের ভোট দিতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট বুথের প্রিজাইডিং অফিসার এবং অবজারভারদের দেওয়া রিপোর্টে র উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সঙ্গে ইভিএম-এর বোতামে টেপ লাগানোর অভিযোগ প্রমাণিত হলেও পুনরায় ভোট নেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। দক্ষিণ ২৪ পরগণার ফলতায় আজ বেশ কয়েকটি বুথে এধরনের অভিযোগ আসার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মক পোলের সময়ে বা তার পরেও এই ঘটনা ঘটেনি। ভোট দিতে গিয়ে কোনো ভোটার এই কাজ করে থাকতে পারেন। তদন্ত করে, কারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করা হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে পারেও বলেও সতর্ক করে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক।