December 20, 2025 6:41 PM

printer

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই তৃণমূল কংগ্রেস SIR-এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই তৃণমূল কংগ্রেস SIR-এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নদিয়ার তাহেরপুরে আজ ভার্চুয়াল মাধ্যমে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভায় শ্রী মোদী বলেন,  যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ দখল করতে চায়, তারাই তৃণমূল কংগ্রেসের অত্যধিক প্রিয়।

বিজেপির তার বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল উন্নয়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রী মোদী বলেন ,  তৃণমূল কংগ্রেসের সদিচ্ছার অভাবেই পশ্চিমবঙ্গে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে রয়েছে। তৃণমূল কংগ্রেসের বদান্যতায় রাজ্যে জঙ্গলরাজ’ চলছে, তা  অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।     

 প্রধানমন্ত্রী বলেন,  বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।  ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে যে নব চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন, তাইই বিকশিত ভারতের প্রেরণা। 

শ্রী চৈতন্যদেবের ভূমি নদীয়া জেলায় কেন্দ্রীয় সরকার সড়ক পরিবহন ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস চালাচ্ছে বলে  উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান,  নতুন সড়ক পথ নির্মাণের ফলে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে  ২ ঘন্টা সময় কম লাগবে।

কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রীর চপার এদিন তাহেরপুরে নামতে পারেনি। কলকাতা বিমানবন্দর থেকেই তিনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

 নদীয়ায় ৩ হাজার ২০০ কোটি টাকার দুটি সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এদিনের সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, দলের রাজ্য সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।