কলকাতায় চিতপুর থানা এলাকায় বিটি রোডে প্রচুর আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় কলকাতা পুলিশের এস টি এফ এর হাতে গ্রেপ্তার হওয়া শামীম আলম কে গতকাল ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক ১১ই মে পর্যন্ত এস টি এফ হেফাজতের নির্দেশ দেন। নির্বাচনের প্রাক্কালে বিহারের নওদার বাসিন্দা ওই ব্যক্তিকে সোমবার ৩টি সিঙ্গেল শ’টার বন্দুক, ৭ এমএম পিস্তল এবং প্রচুর পরিমাণ কার্তুজ সহ কলকাতা পুলিশের এস টি এফ গ্রেপ্তার করে।
রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মাটিগাড়া থানার পুলিশ মাটিগাড়া এলাকার হিমাচল বিহার এপিসি কলেজের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সিকিমের জোড়থাংয়ের বাসিন্দা ধৃত শিবাজী গুপ্তার কাছ থেকে ২০০টাকা নোটের মোট ৫০হাজার ৪০০টাকার জাল নোট উদ্ধার হয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,উদ্ধার হওয়া জাল নোটগুলি মালদা থেকে সিকিমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।এই জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা,তা খতিয়ে দেখছে পুলিশ।