২৫ শে বৈশাখ, শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নব নির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য গতকাল শপথগ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যের দলের পর্যবেক্ষক সুনীল বনসল, দলের নেতা সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০ টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে সাংবিধানিক নিয়ম মেনেই শপথগ্রহন অনুষ্ঠান হবে বলে তিনি জানান।
এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় ৪০০০ পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবেন। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং ‘কুইক রেসপন্স টিম’ও। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে।