হিমালয় পাদদেশীয় এলাকায় ঘূর্ণাবর্তের জেরে আজ উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আজ ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গে আগামী সাতদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবেনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে । আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম।