হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে ১৪০ জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা – ডব্লিউ এইচ ও’র টেদ্রোস আধানম গেব্রেয়েসাস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
WHO-এর মহানির্দেশক জানিয়েছেন, যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন।
নেদারল্যান্ডসের পতাকাবাহী ক্রুজ জাহাজ ‘এম ভি হন্ডিয়াস’ আগামীকাল খুব ভোরে টেনেরিফে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। তেদ্রোস জানান, বর্তমানে জাহাজে অবস্থানরত কারো শরীরেই ভাইরাসটির কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। তবে, যাত্রীদের আলাদা রাখা হচ্ছে।
হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জাহাজের পাঁচজন যাত্রীর শরীরে হান্তাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই ক্রুজ জাহাজ থেকে তাদের নাগরিকদের সরিয়ে আনার জন্য বিমান পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে।