স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা ধরতি আবা বীরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসাবে উদযাপণ করা হচ্ছে। উপজাতীয়দের ইতিহাসকে স্বীকৃতি দিতে, কেন্দ্র ১৫ নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
এরাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে ১৫ টি জেলার ১০২ টি আদিবাসী প্রধান ব্লকে আজ শুরু হচ্ছে জয় জোহর মেলা। চলবে ১৭ ই নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে আদিাসী মানুষজনকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন আদিবাসী ক্রীড়া ও কলাও প্রদর্শিত হবে। সমাজের বিভিন্ন স্তরে বিশিষ্ট আদিবাসী মানুষজনকে জানানো হবে সম্বর্ধনা। রাজ্য সরকার বিরসা মুন্ডার জন্মদিনে আজ ছুটি ঘোষণা করেছ।
বিরসা মুন্ডার স্মরণে রাজ্যে জঙ্গলমহলে একটি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গে একটি কলেজ তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
“ধরতি আবা” র ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় “ভারত মুন্ডা সমাজ”- এর উদ্যোগে কেশিয়াড়ির নচিপুর আদিবাসী স্কুল প্রাঙ্গনে দিনটি মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নদী থেকে জল নিয়ে এসে বিরসা মুন্ডার মূর্তি কে স্নান করিয়ে এর সূচনা হয়েছে, দিনভর চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ধরতি আবার সার্ধ শত জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।