সুপ্রিম কোর্ট জানিয়েছে, ধর্মীয় কার্যকলাপের কারণে রাস্তা অবরোধ করা যাবে না। শীর্ষ আদালত আরো জানিয়েছে, ধর্মনিরপেক্ষ কাজের ব্যাঘাত ঘটলে সরকার তাতে হস্তক্ষেপ করতে পারে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গঠিত নয় সদস্যের একটি বেঞ্চ এই পর্যবেক্ষণ প্রকাশ করেছে। কেরালার শবরীমালা মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ধর্মীয় স্বাধীনতার পরিধি এবং মহিলাদের প্রতি বৈষম্য সংক্রান্ত বিভিন্ন আবেদনের শুনানিকালে আদালত এ কথা জানায়।
বিচারপতি বি.ভি. নাগারত্না উল্লেখ করেন , ধর্মীয় অনুষ্ঠানের জন্য পথ অবরোধ করার যৌক্তিকতা থাকতে পারে না। বেঞ্চ জোর দিয়ে বলেছে, উপাসনার রীতিনীতি বা পদ্ধতি নিয়ে আদালত কোনো বিচার বা রায় দিতে পারে না; তবে যখন ধর্মনিরপেক্ষ অধিকারসমূহ প্রভাবিত হয়, তখন আদালতের হস্তক্ষেপ স্বাভাবিকভাবেই দরকার ।