May 11, 2026 5:02 PM

printer

সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন

সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাঁর নেতৃত্বে আজ নব গঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের ১৪ তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জমি হস্তান্তরের বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রধান সচিব  ও মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতোদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে – এ রাজ্যকে আজই যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন।

জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে  মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আই এ এস, আই পি এস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোন সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারী চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সের উর্ধ্বসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হলো।

এর আগে নবান্নে পৌঁছনোর পরই নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্হিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক সিদ্দিনাথ গুপ্তা। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।