সারা দেশের সঙ্গে সুন্দরবনেও ২৬ নভেম্বর শুরু হচ্ছে সর্বভারতীয় বাঘ গণনা বা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন। চার বছর অন্তর এই গণনার শেষ বারের জন্যে হয়েছিল ২০২১-২২ সালে। বন দফতর জানিয়েছে, এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগ এলাকায় একসঙ্গে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ৪৫ দিন ধরে বাঘের ছবি তোলা হবে। ব্যবহৃত হবে সাতশোর বেশি স্বয়ংক্রিয় ইনফ্রা-রে ক্যামেরা, আর এই কাজে অংশ নেবেন প্রায় ৩৫০ বনকর্মী। ইতিমধ্যেই তাঁদের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যামেরা খুলে নিয়ে ছবি বিশ্লেষণ করে নির্ধারিত হবে সুন্দরবনে বাঘের বর্তমান সংখ্যা।
উল্লেখ্য, সর্বশেষ সর্বভারতীয় বাঘ সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০১। তবে বন দফতরের দাবি, গত বছর নিজেদের সুমারিতে আগের তুলনায় প্রায় দশটি বেশি বাঘের সন্ধান মিলেছিল। বহু ব্যাঘ্র শাবকের ছবি ধরা পড়ায় এবার সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। পাশাপাশি হরিণ, বুনো শুকরসহ বাঘের খাদ্যের পর্যাপ্ততা পরীক্ষা করতেও নদী ও খাঁড়িতে নৌকা নিয়ে টহল দেবেন বনকর্মীরা।