সংযুক্ত আরব আমিরশাহি- UAE এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নবগঠিত বোর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমন্ত্রণ গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন, আমিরশাহি, ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন করছে এবং প্যালেস্তাইনের জনগণের অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। উদ্যোগটির লক্ষ্য হলো সংঘাত-পরবর্তী গাজায় স্থিতিশীলতা আনা, পুনর্গঠন তদারকি করা এবং বিনিয়োগের আকর্ষণ । হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত কার্যনির্বাহী বোর্ড গাজার দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির দায়িত্ব নেবে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ অর্থায়ন এবং মূলধন সংগ্রহ। যে দেশ এক বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখবে তারা স্থায়ী আসন পাবে, অন্যরা তিন বছরের জন্য অংশগ্রহণ করতে পারবে।