সংবিধান দিবস উপলক্ষে নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে স্থান দিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন । সেখানে তিনি দেশের অগ্রগতির পথে সংবিধানকে আজও পথপ্রদর্শক শক্তি বলে উল্লেখ করেছেন। উন্নত ও সক্ষম দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আবেদন জানান। সংসদ ও সংবিধানের প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন, সংবিধানই দেশজুড়ে সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষদের সর্বোচ্চ স্তরে দেশসেবার সুযোগ করে দিয়েছে। ড. রাজেন্দ্র প্রসাদ, বাবাসাহেব আম্বেদকর-সহ সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের দূরদর্শিতা ভারতীয় সংবিধানকে সমৃদ্ধ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এ বছরের সংবিধান দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এ বছরই সার্দার বল্লভভাই পটেল ও ভগবান বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী, ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর এবং শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম আত্মদান বার্ষিকী পালিত হচ্ছে।২০১৫ সালে ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করা হয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই।