লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং জনসাধারণের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য দেশের রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন। বেঙ্গালুরুতে একাদশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিওন কনফারেন্সের সূচনা করে তিনি বলেন, সাংসদদের আলোচনায় অংশগ্রহণের সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। তিনি অন্য একটি প্রসঙ্গে সংসদের কার্যক্রমের গুণমান হ্রাস পাওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আইনসভাকে স্বচ্ছ রাখতে সাংসদদের উদ্যোগ নিতেই হবে।
উল্লেখ্য, এই সম্মেলনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এই প্রসঙ্গে সভার বিঘ্ন ঘটার বিষয়টিও উত্থাপন করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ।