লন্ডনে আয়োজিত আইটিটিএফ (ITTF) বিশ্ব দলগত টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আজ স্লোভাকিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। গ্রুপ- সেভেন-এর রোমাঞ্চকর ম্যাচে স্লোভাকিয়াকে তাঁরা ৩-২ ব্যবধানে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল। ম্যাচের শুরুতে মানুষ শাহ, লুবোমির পিস্টেজের কাছে হেরে গেলে পিছিয়ে পড়ে ভারত। তবে মানব ঠক্কর, ইয়াকুব জেলিনকাকে হারিয়ে লড়াইয়ে সমতা ফেরান। এরপর হারমিত দেশাই, ওয়াং ইয়াংয়ের কাছে হেরে গেলে স্লোভাকিয়া ফের লিড নেয়। এরপর মানব ঠক্কর তাঁর দ্বিতীয় ম্যাচে পিস্টেজকে পরাজিত করেন। নির্ণায়ক ম্যাচে মানুষ শাহ, জেলিনকাকে পরাজিত করে ভারতের দলগত জয় নিশ্চিত করেন। আগামী বৃহস্পতিবার গুয়াতেমালার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।