রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনীও গুতারেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহা সচিব অত্যন্ত উদ্বিগ্ন । তিনি মনে করেন, এটি একটি ভয়ঙ্কর নির্দশন। এধরনের ঘটনায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এটি আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তিনি বিষয়টি নিয়ে অবিলম্বে আলাপ-আলোচনা শুরু করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তারের পর, ভেনেজুয়েলার বিরোধী দল নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন ভেনেজুয়েলায় ‘স্বাধীনতার মুহূর্ত’ এসে গেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা এবং আরও অনেক দেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের জন্য আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হবেন।