রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লুয়ান্ডায় আজ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এর আগে, লুয়ান্ডায় রাষ্ট্রপতি প্রাসাদে তাকে এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে বহুমুখী অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন।
রাষ্ট্রপতি মুর্মু উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেন। তিনি কৃষি – বিশেষ করে বীজ এবং সার, তেল অনুসন্ধান এবং পরিশোধন, সংযোগ ও পরিবহন পরীকাঠামো, বিরল খনিজ এবং হীরা প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রগুলিতে সম্ভাব্য সহযোগিতার কথা তুলে ধরেন।
পরে শ্রীমতী মুর্মু বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে লুয়ান্ডায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে অ্যাঙ্গোলার ৫০তম স্বাধীনতা বার্ষিকী এবং আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্বে অ্যাঙ্গোলাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ উভয় দেশই ৪০ বছর পূর্তি উদযাপন করছে। ভারত এবং অ্যাঙ্গোলা প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদের ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক পত্র- মৌ স্বাক্ষর করেছে।
মৎস্য, জলজ পালন, সামুদ্রিক সম্পদ এবং কনস্যুলার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য দুটি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হয়েছে। অ্যাঙ্গোলা আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (IBCA) এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স (GBA) এ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।