ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রাতে ফ্লোরিডার মার-এ-লাগোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। কারণ উভয় দেশই যুদ্ধ শেষ করার পক্ষে।
বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, শান্তি আলোচনা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান যে, বৈঠকের সময় উভয় নেতা বেশ কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ফোনে কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উভয় দেশের স্থায়ী শান্তি অর্জনের পথে নিরাপত্তা নিশ্চয়তা একটি মূল বিষয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমের এক পোস্টে জেলেনস্কি বলেন, উভয় নেতা একমত হয়েছেন যে আলোচিত সমস্ত বিষয় চূড়ান্ত করার জন্য তাদের দলগুলো আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক করবে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসে ওয়াশিংটন- ডি.সিতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।