May 12, 2026 9:48 PM

printer

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা, শপথ নেবেন।

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা।

শপথগ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা, বিধানসভায় শপথ নেবেন। আগামী ১৫ মে, শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে।

আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথগ্রহণ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং দুই ২৪ পরগনার বিধায়করা।
বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা।

উল্লেখ্য, ২৯৪ টির মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন বাকি আছে। ২৯৩ টির মধ্যে ২০৭ টি আসনে বিজেপি, ৮০’টিতে তৃণমূল কংগ্রেস, CPIM-একটি, ISF-একটি, আমজনতা উন্নয়ন পার্টি- দুটি এবং কংগ্রেস দুটি আসনে জয় লাভ করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।