রাজ্যের পশ্চিমাঞ্চলে ১০টি শিল্প সংস্থা ভারী শিল্পে ২৫ হাজার কোটির বেশি বিনিয়োগ করতে চলেছে । এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই শিল্প স্থাপনের জন্য প্রায় আড়াই হাজার একর জমি বরাদ্দের সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য দ্রুত শিল্পায়ন এবং বহু মানুষের কর্মসংস্থান। ফেব্রুয়ারি মাসের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে বেশ কিছু শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। আজকে মন্ত্রিসভার বৈঠকে পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্ম নগরী, দুর্গাপুর, বর্ধমানের পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন সংস্থাকে বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রেও ১৫ টি শিল্প তালুকে মোট ৪৩ টি ক্ষুদ্র শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান স্থানীয় লোকশিল্প এবং হস্তশিল্পকে উৎসাহ দিতে রাজ্য সরকার প্রত্যেক জেলায় সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রথম দুটি তল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। মন্ত্রিসভার বৈঠকে আজ ২৩টি জেলার মধ্যে ১১ টা জেলায় মল তৈরির জন্য জমি বরাদ্দ করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।