June 26, 2025 9:40 PM

printer

রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় প্রস্তুতি তুঙ্গে

চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আগামীকাল পালিত হতে চলেছে রথযাত্রা। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় এই উপলক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে।

ওড়িশার পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রার পরেই ছ’শো বছরেরও বেশি প্রাচীন হুগলী জেলার মাহেশের রথযাত্রাকে ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা। এবছর এই রথযাত্রা ৬২৯ বর্ষে পদার্পণ করছে। মন্দির চত্বর জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা।  

উল্লেখ্য, এই বছরেই মন্দিরে পুরীর আদলে সিদ্ধযোগে নীলচক্র স্থাপনা এবং ধ্বজা উত্তোলন করা হয়েছে। আগামীকাল দুপুর দুটোয়, বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঐতিহ্যমণ্ডিত রথযাত্রার সূচনা হবে।

অন্যদিকে, প্রায় তিনশো বছরের প্রাচীন হুগলীর গুপ্তিপাড়ার ‘বৃন্দাবন জিউ’র রথযাত্রা, আড়াইশো বছরেরও বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ‘মদনগোপাল জিউ’র রথযাত্রা, বাঙালির চিরন্তন ঐতিহ্যের অঙ্গ হয়ে উঠেছে।

 কলকাতায় ইস্কনের রথযাত্রা উপলক্ষ্যে পুজার্চনার পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।  

রথ উপলক্ষ্যে ইতিমধ্যেই সাজো সাজো রব। দোকানে দোকানে বিক্রি হচ্ছে খেলনা রথ, বড়দের পাশাপাশি ছোটদের উৎসাহও চোখে পড়ার মতো।

রাজ্য সরকার আয়োজিত মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে দীঘায়। তাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।