মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় ৩ জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে CID। এরা সকলেই শার্প শ্যুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবানী ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারি দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকালই CID এবং STF আততায়ীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। জানা গিয়েছিল, বালি টোল প্লাজায় UPI পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা।
আগেই জানানো হয়েছে, গত ৬ ই মে মধ্যমগ্রামে রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক বুদ্ধদেব বেরা। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলছে।