মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চিনের রাজধানী বেজিং-এ পৌঁছেছেন। আগামীকাল থেকে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে তাঁর দুদিন ব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হবার সম্ভাবনা। রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন বিশ্বের বড় বড় সব প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা। এই তালিকায় রয়েছেন এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াং, অ্যাপেলের টিম কুক, টেসলা ও স্পেস-এক্সের কর্ণধার এলন মাস্ক এবং ব্ল্যাকরক-এর ল্যারি ফিঙ্ক। এছাড়াও মেটা, ভিসা, জেপি মর্গান এবং বোয়িং-এর মতো সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও এই সফরে প্রেসিডেন্টের সঙ্গী হয়েছেন।
সফরে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি ট্রাম্প আশাপ্রকাশ করে জানিয়েছেন যে, এই সফর ওয়াশিংটন ও বেজিং-এর মধ্যে আগামী কয়েক দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন পথ প্রশস্ত করবে।
২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চিন সফর।