মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব আজ দুটি চিতা বাঘকে কুনো জাতীয় উদ্যানের জঙ্গলে মুক্ত করবেন। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা আটটি চিতা বাঘকে কুনো জাতীয় উদ্যানে ছাড়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজেক্ট চিতা-র সূচনা করেছিলেন। এটি ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় ‘বিগ ক্যাট’ স্থানান্তর প্রকল্প। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বতসোয়ানা থেকে আসে আরও ৯টি চিতা।
ওই বছরের মার্চ মাসে, জ্বালা নামের একটি স্ত্রী চিতা বাঘ, এক শাবকের জন্ম দেয়। ৭০ বছরে ভারতে এই ঘটনা প্রথম। প্রজেক্ট চিতা প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ভারতে মোট ৩৭টিরও বেশি চিতা শাবকের জন্ম হয়েছে, যার ফলে কুনো জাতীয় উদ্যানে চিতার মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫৭।
২০২৫ সালের নভেম্বর মাসে, ভারতেই জন্ম নেওয়া ‘মুখী’ নামের একটি চিতা বাঘ কয়েকটি শাবকের জন্ম দেয়, যা এই প্রকল্পের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।