ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর পর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। আনম্যাপড অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও সংযোগ নেই এমন ভোটারের সংখ্যা ৩০ লক্ষ। কী কারণে, নাম বাদ দেওয়া হয়েছে, তার কারণও উল্লেখ করা হয়েছে তালিকায়। নামের পাশে মৃত, অনুপস্থিত অথবা ডুপ্লিকেট, এমন কারণের উল্লেখ রয়েছে। এই রাজ্যেই প্রথম বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেয়ার কারণ প্রকাশ করা হয়েছে। তবে এই সংক্রান্ত কোনও অসঙ্গতি চোখে পড়লে BLO-কে জানানো যাবে বলে কমিশন সূত্রে খবর। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন ‘অনুপস্থিত’ লেখা রয়েছে, সেই প্রশ্নও তোলা যাবে। নিজের পরিবার, প্রতিবেশী বা পরিচিত কেউ যদি মারা গিয়ে থাকেন, তার পরও যদি সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে, সেক্ষেত্রেও অভিযোগ জানানো যাবে। খসড়া তালিকায় নিখোঁজ ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮। মৃত ভোটার রয়েছেন ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮। যাদের নাম বাদ গিয়েছে তাদেরও আশ্বস্ত করেছে কমিশন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪-ই ফেব্রুয়ারি।
নির্বাচনের কমিশনের অ্যাপ ও voters.eci.gov.in এই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে। কমিশনের অ্যাপ ECINET-এও প্রকাশিত খসড়া ভোটার তালিকা।