May 12, 2025 11:30 AM

printer

ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে সমস্ত জেলায় আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে

ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে সমস্ত জেলায় আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। শীঘ্রই তিনটি পর্যায়ে রেশনের বরাদ্দ হিসাবে জুন, জুলাই এবং আগষ্ট মাসের প্রয়োজনীয় খাদ্য দ্রব্য জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আপৎকালীন পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল কনফারেন্স করেন। ওই বৈঠকের রেশ ধরেই  রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ গতকাল রাজ্য পুলিশের মহা নির্দেশক, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনারদের নিয়ে বৈঠক করেন। সেখানেই এই খাদ্যশস্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

 এছাড়াও, বর্তমান পরিস্থিতিতে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ বা রিফ্রেশার ট্রেনিং দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সীমান্তবর্তী জেলাকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। যে সমস্ত সীমান্ত এলাকা পাহাড়, পর্বত বা ঘন জঙ্গলে ঘেরা, সেখানে পুলিসকে আরও বেশী সক্রিয় থাকতে হবে। সীমান্ত ঘেঁষা সুন্দরবন এবং উত্তরবঙ্গের এলাকাগুলিতে চালাতে হবে বিশেষ নজরদারি। 

   অন্যদিকে, আপৎকালীন পরিস্থিতির জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা প্রস্তুত রয়েছে তা নিয়ে জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কোন হাসপতালে কত বেড ব্যবহার করা যাবে, কত অ্যাম্বুলেন্স রয়েছে, ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। গতকাল বিকেলে দফতরের পদস্থ কর্তাদের সঙ্গেও আরেক দফা বৈঠক করেন স্বাস্থ্য সচিব।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।