ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে, চলবে ২৮ শে নভেম্বর পর্যন্ত।
এবারের উৎসবে ৮১টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মারগাওয়ের রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ব্রাজিলের ছবি দ্য ব্লু ট্রেইল। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এ বছরের চলচ্চিত্র উত্সবে দেশ বিদেশের ৫ টি বিরল ছবি স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে মিশরের চিত্র নির্মাতা সারা গোহারের প্রথম ছবি হ্যাপি বার্থডে, কসোভান চিত্র নির্মাতা Zgjim Terziqi-এর “Odyssey of Joy”, কোরিয়ার ছবি “The Beetle Project”। এছাড়াও তালিকায় রয়েছে দুটি ভারতীয় ছবি – তামিল চিত্র নির্মাতা দিনেশ Dinesh Selvaraj-এর “Kadal Kanni এবং Radheshyam Pipalwa-এর পুতুল ছবিটি।
এই উৎসবে ছ’টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে আছে ভারতীয় প্যানরোমা বিভাগে দুটি – সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং নট ও নাট্যকার শিশির ভাদুড়ীর জীবন নিয়ে রেশমি মিত্রের বড়বাবু। ইন্ডিয়ান প্যানোরোমা নিউ হরাইজন বিভাগেও মাত্র দুটি ছবি জায়গা পেয়েছে, তার মধ্যে একটি নীল দত্তের বংলা ছবি বিয়ে ফিয়ে নিয়ে। সেরা ডেবিউ ডিরেক্টর বিভাগে বিনোদিনী একটি নটীর উপাখ্যান সিনেমার জন্য নির্বাচিত হয়েছেন পরিচালক রাম কমল মুখার্জি। বিশেষ প্রদর্শনী বিভাগে দেখানো হবে বাংলা ভাষার সিনেমা ইন্দিরা ধর মুখার্জির — পুতুল। এছাড়াও শতবার্ষিকী স্মরণ বিভাগে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা এবং সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি মুসাফিরও প্রদর্শিত হবে।
এবছর ইফি শৈশবের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও অনুপ্রেরণার গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য ইউনিসেফের অংশীদার হিসাবে কাজ করছে।
গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রোমোদ সাওয়ান্ত আজ সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের আগে ওয়েভস ফিল্ম বাজারের সূচনা করবেন। তাঁর সঙ্গে থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু।
উল্লেখ্য, এবছরে উত্সবে জাপান ফোকাস কান্ট্রি, স্পেন পার্টনার নেশন বা সহযোগী দেশ এবং অস্ট্রেলিয়া স্পটলাইট কান্ট্রি হিসেবে স্থান পেয়েছে।